মিঠাপুকুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:১৭
মিঠাপুকুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ড অবুঝ ২ বোনের জীবন কেড়ে নিয়েছে। মাত্র ৫/৬ বছর বয়সী হুরি জান্নাতি ও ঈশা মনির দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাটি কেউ মেনে নিতে পারছে না। লাশ দেখে বুঝার উপায় ছিল না কোনটি কার সন্তান। পরিবারে শুধুই আহাজারি আর পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে। গতকাল শুক্রবার বিকালে অগ্নিকাণ্ডে এই করুণ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীসূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ফকিরপাড়া দরিদ্র আব্দুল কাদেরের শয়ন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকালে এ অগ্নিকাণ্ডে পুরো ঘরটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখনও কারো জানা ছিল না ওই পুড়ে যাওয়া ছাই এর মধ্যে মিশে আছে তরতাজা ২ বোনের মৃতদেহ। গ্রামবাসীরা পুড়ে যাওয়া ঘরটির ছাইগুলোতে যখন পানি দিচ্ছিল ঠিক তখনই অবুঝ ২ শিশুর দগ্ধ মৃতদেহ চোখে পড়ে। এদিকে ঘটনার দিনই ওই দুই শিশুর দাফন কার্য সম্পন্ন হয়েছে।