প্রায় আড়াইশ বছরের মহাশ্মশানঘাট এবং সংলগ্ন মন্দিরে রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর এবং ১১ মূর্তিসহ শিবলিঙ্গ ভেঙ্গে লুটপাট চালিয়েছে। মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের পর এলাকার সংখ্যালঘুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবং শ্মশানঘাট ও মন্দির কমিটি গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২নং জামুর্কি ইউনিয়নের পাকুল্লা দেলদুয়ার সড়ক সংলগ্ন পাকুল্লা শীতলতলা মহাশ্মশানঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার মহাশ্মশানঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে সবার মধ্যেই উদ্বেগ- উত্কণ্ঠা।
