অন্যায়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের মারপিটে নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাঁতি গ্রামে গতকাল শুক্রবার পুলক সরকার (৪০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। স্থানীয় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গত বৃহস্পতিবার সকালে মারাত্মকভাবে আহত করেন। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। নিহতের স্ত্রী পুতুল সরকার বাদী হয়ে গতকাল আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাদের দুই মাস বয়সী পৃথা নামের এক কন্যা সন্তান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত পুলক সরকার ১৭ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে গ্রামে ব্যবসা শুরু করেছিল। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের কর্মী হিসাবে এলাকায় মাদক, চোরাচালান ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছিলেন। আত্রাই থানার ওসি লতিফ খান জানান, চোরাচালান ও মাদক কেনা-বেচার সঙ্গে জড়িতদের ভাড়া করা লোকজন গত বৃহস্পতিবার সকালে ইসলামগাঁতি বাজারের কাছে কালিবাড়ি নামের একটি স্থানে পুলককে একা পেয়ে মারপিট করে। এ সময় পুলকের চিত্কারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তিনি চিকিত্সাধীন অবস্থায় গতকাল মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুখচেনা সন্ত্রাসীরা তাকে বালুভর্তি বোতল ও লোহার রড দিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুলাল দত্ত জানান, নিহত পুলক সরকার তার নিজ গ্রামে কোন অন্যায় কাজকে সমর্থন করতেন না। তার ধারণা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে খুন করেছেন।
