চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, যারা ইসলামের অবমাননা করে সময় আসলে তারা বাংলার জমিন থেকে পালাবার পথ পাবে না। তিনি বলেন, ইসলাম ছাড়া কোথাও শান্তি আসেনি, এটি ইতিহাসে প্রমাণিত। নারী নেতৃত্ব দিয়ে কখনোই দেশে শান্তি আনয়ন সম্ভব নয়। তাই নারী নেতৃত্বেরও পরিবর্তন আনতে হবে।
শুক্রবার বিকালে আমতলী ঈদগাহে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষ থাকতে পারে না। বর্তমান সরকার সংবিধানে ধর্মনিরপেক্ষতা বসিয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে উল্লেখ করে তিনি বলেন, এরা ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিজেদের স্বার্থ হাসিলের রাজনীতি করছেন। পীরসাহেব বলেন, স্বাধীনতার পর ৪২ বছর যারা বাংলাদেশ শাসন করেছে তারা ৫ বার দেশটিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এটা আমাদের কাম্য হতে পারে না। বিদেশে গিয়ে নিজেদের দেশের পরিচয় দেয়া যায় না। ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো: শাহআলম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা মো: ওমর ফারুক, মাওলানা ওয়ালিউল্লাহ ও মাওলানা মো: শফিউল আলম প্রমুখ।
