দিনাজপুরে নির্মাণাধীন ছাদ ধসে ২ জনের মৃত্যু, আহত ১০

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:২০
দিনাজপুরে পাঁচবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের দালানে ঢালাই দেয়ার সময় ছাদ ধসে ২ জন রাজমিস্ত্রির মৃত্যুও ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় দিনাজপুর সদর উপজেলা পাঁচবাড়ী (দোহাই) নামক স্থানে নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ঢালাই দেয়ার সময় হঠাত্ বিকট শব্দে ধসে পড়ে। ছাদের নিচে চাপা পড়ে ২ জন রাজমিস্ত্রি মারা যান। এরা হলেন চিরিরবন্দর উপজেলার রামদেবপুর গ্রামের মৃত রঞ্জিত রায়ের পুত্র নির্মল চন্দ্র রায় (৩০), বাঁশেরহাট এলাকার সুধাংশ (৩৫)। ১০ জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরা হলেন- হাবীব (২৫), মহবুল হক (২৭), মঞ্জুরুল হক (২৫), আনোয়ার (২২), আজিজুর রহমান (২৪) ও ছবি (২৫)। ৪ জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মৃত ব্যক্তিদের ময়না তদন্ত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন করে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাম্পের মালিক জাহাঙ্গীর আলম আহত ও নিহতদের খোঁজ-খবর করেন এবং আহতদের চিকিত্সার ব্যয়ভার বহন ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।