শিক্ষার মাধ্যমেই মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। শিক্ষার আলো সূর্য কিরণের মতো সর্বব্যাপী। আর এ আলোয় আলোকিত হতে পারলেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ রূপে গড়ে তুলতে সক্ষম হয়

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ১৭:৪৬
হাফিজ আহমেদ মজুমদার শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ,সিলেট শিক্ষার্থীরাই জাতির আগামীদিনের স্বপ্ননায়ক। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত্ দেশ গড়ার কারিগর। তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার নেতৃত্ব দিবে। তাদের নেতৃত্বেই আগামীতে আমরা পাব সুখী ও সমৃদ্ধ এক বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবে রবি ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা। তাই যোগ্য নেতৃত্ব দেবার উপযুক্ত হয়েই তাদের গড়ে ওঠতে হবে। সুশিক্ষায় নিজেদের শিক্ষিত করে তুলতে হবে। কারণ নিজেকে যোগ্য ও পূর্ণাঙ্গ করে গড়ে তুলতে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। শিক্ষার মাধ্যমেই মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। শিক্ষার আলো সূর্য কিরণের মতো সর্বব্যাপী। আর এ আলোয় আলোকিত হতে পারলেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ রূপে গড়ে তুলতে সক্ষম হয়। পরিবর্তিত যুগে তাল মেলাতে প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। আর এ যুগে টিকে থাকতে হলে প্রয়োজন প্রযুক্তির অপার ব্যবহার। চলমান বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে প্রযুক্তিগত শিক্ষার কোন বিকল্প নেই। নিজেকে যোগ্য ও উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষার সাথে সাথে নানান বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলার প্রতি মনোযোগী হতে হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবীয় গুণাবলীর প্রতি যত্নশীল হতে হবে। গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার দীক্ষা নিতে হবে। সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল ও ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে। কারণ জীবনকে সুন্দরভাবে চালনা করতে হলে সকলদিকেই পারদর্শী হয়ে ওঠতে হয়।