মাত্র ক’দিন আগেই জমকালোভাবে অনুষ্ঠিত হলো আইপিএল-এর ষষ্ঠ আসর। আর এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পালন করে শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশন হাউজ। পুরো অনুষ্ঠানটিতে শাহরুখ খান তার সফলতার পরিচয় দিলেও অবশেষে এসে একটু ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। কেননা, জেনিফার লোপেজ তুলেছেন বড় ধরনের আপত্তি। আইপিএল-এর এই আসরে জেনিফার লোপেজের পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত পারফর্ম করেননি জেনিফার লোপেজ। আর জেনিফারের পারফর্ম না করা নিয়ে শাহরুখ সাংবাদিকদের জানিয়েছেন যে, আকাশচুম্বী চাহিদার কারণেই জেনিফারকে আইপিএল-এর উদ্বোধনী থেকে বাদ দেওয়া হয়েছে। এই আসরে পারফর্ম করার জন্য জেনিফার যেই সম্মানি চেয়েছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তাকে ছাড়াই রেড চিলি আইপিএল-এর আসর করার জন্য ভেবেছে। আর শাহরুখের এই বক্তব্যে বেশ ক্ষেপেছেন জেনিফার লোপেজ। জেনিফার লোপেজ জানিয়েছেন, শাহরুখের এই বক্তব্য পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। কোনো প্রকার চাহিদার জন্য নয়, বরং নিজের ব্যস্ততার জন্যই আইপিএল-এ পারফর্ম করেননি জেনিফার লোপেজ। জেনিফার তার ক্ষোভ প্রকাশ করে শাহরুখকে একটি ই-মেইলও পাঠিয়েছেন। তবে এর বিপরীতে এখনও শাহরুখ কিছু বলেননি।
