পাবনা জেলার সাথিয়া উপজেলার একজন পোস্ট মাস্টারের জীবনের সত্য ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হলো সম্প্রতি। এতে অভিনয় করেছেন—নাদের চৌধুরী, এসএম মকবুল হাসান, রাশেদ শামীমসহ আরও অনেকে। চলচ্চিত্রটি রচনা করেছেন আসাদ সরকার এবং পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। গল্পে দেখা যাবে—১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার দিনই প্রথম আসেন পোস্ট অফিসে আরিফ সাহেব। তখন তার জন্য একটি চিঠি নিয়ে আসেন তার পিয়ন। চিঠিটি পাঠিয়েছেন তার বাল্যবন্ধু সালাহউদ্দিন। এভাবে গল্পের নাটকীয়তার মধ্য দিয়েই এগিয়ে যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার ৭১’। চলচ্চিত্রটিতে শাহবাগের নতুন প্রজন্মকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যেকোনো একটি চ্যানেলে প্রচার হবে। পরিচালক রাশেদ শামীম স্যাম বলেন, ‘সত্য ঘটনার উপর নির্মিত করা হয়েছে এটি। তাই দর্শকেরা দেখে আবেগাপ্লুত হবেন এবং সবার কাছেই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
