বি.বাড়িয়ায় ত্রাণ প্রদান অব্যাহত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
ব্রাহ্মণবাড়িয়ার টর্ণেডো ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তত্পরতা অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাদের ত্রাণ তত্পরতা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এদিকে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন, ঢাকা ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন ও বৃহত্তর কুমিল্লা আয়কর আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে টর্ণেডো ক্ষতিগ্রস্ত জারুলতলা, চান্দি,ভাতশালা ও দুবলার ক্ষতিগ্রস্ত একশ’ পরিবারের মাঝে শাড়ি, ৪০ পরিবারের মাঝে লুঙ্গি, ২০ পরিবারের মাঝে থ্রি-পিস ও ৩০০ পরিবারের মাঝে নগদ দু’লাখ টাকা বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন। এসময় ঢাকা ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাবেক সভাপতি আব্দুল্লাহ শাহাদাত খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল মোস্তফা, ফরিদউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকাস্থ বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির উদ্যোগে জারুলতলা গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ মেট্রিক টন শুকনা খাবার ও নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করেন সমিতির সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মোহাম্মদ জালালউদ্দিন। এসময় সমিতির সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, জজ মিয়া, হাজী দুলাল মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।