বাকৃবিতে অর্নামেন্টাল মিষ্টি কুমড়ার পরীক্ষামূলক চাষ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২০:৫৩
দেশে প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারে সৌখিন (অর্নামেন্টাল) মিষ্টি কুমড়ার পরীক্ষামূলক চাষ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এবং বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ও বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল। উল্লে¬খ্য, ২০১২ সালে অধ্যাপক ড. সাত্তার মণ্ডল জার্মানী থেকে ১১টি অর্নামেন্টাল মিষ্টি কুমড়া বাংলাদেশে নিয়ে আসেন। পরে ড. সাত্তার মণ্ডল বাকৃবি জার্মপ্লাজম সেন্টারসহ বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কুমড়ার বীজ সরবরাহ করেন। বর্তমানে এ মিষ্টি কুমড়াচাষে সফলতা পেয়েছে বাকৃবি জার্মপ্লাজম সেন্টার। আলোচনা সভায় বলা হয়। বাংলাদেশে এই প্রথমবারের মতো অর্নামেন্টাল (সৌখিন) মিষ্টি কুমড়ার পরীক্ষামূলক চাষ সফল হয়েছে। এটি এখন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও কৃষক পর্যায়ে দ্রুত ছড়িয়ে দেয়া যেতে পারে। এটি এখন শুধুমাত্র কক্ষে সাজ-সজ্জায় ব্যবহার করা গেলেও খাবার হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। তবে খাবার হিসেবে ব্যবহার করতে আরো গবেষণা চাই। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও বিশেষজ্ঞরা স্টলে রাখা অর্নামেন্টাল মিষ্টি কুমড়া ও ক্ষেতে মিষ্টি কুমড়ার পরীক্ষামূলক চাষ পর্যবেক্ষণ করেন।