চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা যশোরের অভয়নগর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার রাতে উপজেলার মাগুরা গ্রামে প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কার্তিক চন্দ মণ্ডলের বাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেছে। পুলিশ জানায়, উপজেলার প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কার্তিক চন্দে র নিকট দুর্বৃত্তরা বেশ কিছুদিন যাবত্ মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা এ বোমা হামলার ঘটনা ঘটাতে পারে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কাজী আব্দুস ছালেক বলেন, ‘গভীর রাতে কে বা কারা বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।’
