পিয়ংইয়ংয়ে রাশিয়াসহ অন্যান্য দেশের দূতাবাস খালি করে দেয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে পিয়ং.ইয়ংয়ে রাশিয়াসহ অন্যান্য দেশের দূতাবাস খালি করে দেয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনের সিনহুয়া বার্তা সংস্থার প্রাথমিক খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া সংঘাতের ঝুঁকির কারণে রাজধানী পিয়ংইয়ংয়ের দূতাবাসগুলো বন্ধ করে দেয়ার কথা ভেবে দেখার পরামর্শ দিয়েছে। চীনকেও পরিস্থিতির আরো অবনতি হলে পিয়ংইয়ংয়ে চীনা দূতাবাস খালি করার অনুরোধ জানায় উত্তর কোরিয়া।
এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ এক কূটনৈতিক কর্মকর্তা জানান, পিয়ংইয়ংয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দূতাবাসগুলোকেও খালি করে দেয়ার পরিকল্পনা জানানোর উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছে উত্তর কোরিয়া। ভিয়েনা কনভেশনের আওতায় সংঘাতময় পরিস্থিতিতে কোনো দেশের দূতাবাস খালি করে দিতে বলার বিধান আছে।
এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে । উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পূর্ব উপকূলে জাপান সাগরের দিকে নিয়ে যাওয়ার পরদিনই দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিল। যুদ্ধজাহাজ দুটি পূর্ব ও পশ্চিম উপকূলে মোতায়েন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে একথা জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।
শুক্রবার কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উপকূলে নিয়ে সেগুলো উেক্ষপেণ যন্ত্রেও ভরেছে। এ ক্ষেপণাস্ত্র দুটি মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে। এগুলো গুয়াম দ্বীপে আঘাত হানতে সক্ষম। ফলে পরিস্থিতি নজরে রাখতে দক্ষিণ কোরিয়া এজিস প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত দুটো যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়লে আমরা এর গতিপথ অনুসন্ধান করার চেষ্টা চালাব।
