দেশের সবচেয়ে সুন্দরী অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস : ওবামা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২১:০৪
আড়ালে-আবডালে অনেকেই তাকে ডাকেন ‘মহিলা বারাক ওবামা’ বলে।’ না, ফার্স্ট লেডি মিশেল ওবামার কথা নয়। ইনি হলেন ক্যালিফোর্নিয়ার অ্যার্টনি জেনারেল কমলা হ্যারিস। কাজের পাশাপাশি এবার তার রূপের প্রশংসা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বলে বসলেন, ‘আমার দেখা সেরা সুন্দরী অ্যাটর্নি জেনারেল।’ আর তার এই মন্তব্য ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে মার্কিন মুলুকে। — খবর ওয়াশিংটন থেকে পিটিআই’র উদ্ধৃতি দিয়ে বর্তমান পত্রিকার। শুক্রবার একটি তহবিল গড়ার অনুষ্ঠানে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে উপস্থিত ছিলেন দেশে প্রথম মহিলা এবং প্রথম ইন্দো-আমেরিকান অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস। অনুষ্ঠান চলাকালীন হ্যারিসের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। খোদ প্রেসিডেন্টের মুখে প্রশংসা শুনে কিছুটা লজ্জিত হয়ে পড়েন হ্যারিস। এরপরেই ওবামা বলে ওঠেন, ‘দেশের সবচেয়ে সুন্দরী অ্যাটর্নি জেনারেল উপস্থিত রয়েছেন এখানেই।’ এখানেই না থেমে তার সহাস্য সংযোজন, ‘এটাই সত্যি। স্টেজে চলে আসুন।’ এর আগেও এ মহিলা সাংবাদিককে ‘সুইটি’ বলে সম্বোধন করে বিতর্ক বাঁধিয়েছেন তিনি।