টাঙ্গাইল প্রতিনিধি
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে সমাবর্তন শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ অংশ নেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে ক্ষমতাপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। সমাবর্তনে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আনিসুজ্জামান। মোট এক হাজার ১৯০ জন শিক্ষার্থীকে ডিগ্রি এবং ৫১ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
