অবশেষে মোটামুটি শান্তিপূর্ণভাবেই কাটল দিনটি। গতকাল ৬ এপ্রিল কি হবে তা নিয়ে দেশজুড়ে ছিল নানা আতঙ্ক, উত্কণ্ঠা, উত্তেজনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবকিছুই ছিল শান্তিপূর্ণ। একদিকে হেফাজতে ইসলামের লংমার্চ শেষে সমাবেশ অন্যদিকে গণজাগরণ মঞ্চের সমাবেশ। সাথে আরো ২৭টি সংগঠনের হরতাল। হরতাল, সমাবেশ-পাল্টা সমাবেশকে ঘিরে তৈরি হয়েছিল এই আতঙ্ক।
আশঙ্কায় ছিল অনেকে, না জানি কি হয়। ভয় আর আতঙ্ক ঘিরে ফিরছিল সকলের। বড় ধরনের নাশকতাও হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেয়নি অনেকে। নিরাপত্তা কর্মীরাও নাশকতার আশঙ্কায় ছিল সতর্ক।
হেফাজতের লংমার্চকে ঘিরে চট্টগ্রামসহ কয়েকটি স্থানে বিচ্ছিন কিছু ঘটনা ঘটেছে। অন্যদিকে গণজাগরণ মঞ্চের সমাবেশও শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। যদিও রমনাপার্কের পাশে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু তা বেশিদূর আগানোর আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
গতকাল রাজধানী ঢাকায় সাধারণ মানুষ ঘর থেকে খুব কম বেরিয়েছে। তবে প্রায় বেশিরভাগ মানুষেরই চোখ ছিল খবরের পর্দায়। সব সময় শেষ খবরটি জানার চেষ্টায় ছিল। কি হয় কি হয় তার অপেক্ষা। শেষ পর্যন্ত শান্তির নিশ্বাসেই শেষ হয়েছে গতকালের দিনটি।
