আর অবরোধের প্রয়োজন হবে না

শান্তিপূর্ণ সমাবেশের জন্য হেফাজতকে ধন্যবাদ, তবে হরতাল ডাকা অযৌক্তিক -----স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৩
শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। পাশাপাশি বলেছেন, হেফাজতে ইসলামের ডাকা হরতাল অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং বেআইনি। গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নিজ দফতরে সাত মন্ত্রী -প্রতিমন্ত্রীর সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল মহাসমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য অপচেষ্টা চালিয়েছে; কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। তিনি বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হেফাজতের হরতাল অযৌতিক ও অপ্রয়োজনীয়। তাদের ১৩ দফা দাবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে দাবি না মালনে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অবরোধের প্রয়োজন হবে না। আর এতে ফায়দাও হবে না। সারাদেশে বাস-ট্রেন-ফেরি বন্ধ হওয়ার ব্যাপারে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ধারাবাহিক সহিংস ঘটনার কারণে বাস মালিকরা নাশকতার আশঙ্কায় বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। একই আশঙ্কায় ট্রেনও চলেনি। তিনি আরো বলেন, বাংলাদেশে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। রাজধানীর মহাখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাছে খবর রয়েছে জামায়াত শিবিরই এই হামলা চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য দায়িত্বপালন করেছেন, তাদেরকে ধৈর্যের সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দেয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সে জন্য তাদেরকে ধন্যবাদ জানান। পাশাপাশি নারী সাংবাদিকদের ওপর হেফাজতে ইসলামের হামলার ঘটনায় নিন্দা জানান। এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজকক্ষে জরুরি বৈঠকে বসেন। এ বৈঠকে উপস্থিতি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মুজিবুল হক, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।