দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা হাসপাতাল ছেড়েছেন। দীর্ঘ ১০ দিন হাসপাতালে কাটানোর পর গতকাল শনিবার ম্যান্ডেলা হাসপাতাল ত্যাগ করেন বলে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত ম্যান্ডেলা গত ২৭ মার্চ হাসপাতালে ভর্তি হন। খবর বিবিসির।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার (৯৪) স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে গতকাল হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি এখন তার বাসভবনে সর্বোচ্চ তত্ত্বাবধানে থাকবেন। ম্যান্ডেলার জন্য প্রার্থনা করায় তিনি বিশ্ববাসীসহ দেশের সকল নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্ণবাদবিরোধী নেতা ম্যান্ডেলা গত দুই বছরে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হন। গত ফেব্রুয়ারিতে তিনি ফুসফুসের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ফুসফুস থেকে ফ্লুরাইড অপসারণ করে। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ম্যান্ডেলা দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সাল থেকে জনসম্মুখে আসা বন্ধ করেন।
