হেফাজতের হরতাল প্রতিহত করা হবে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২৩:০১
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমাবেশ থেকে আগামীকাল সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ আহূত হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল বিকালে জামালখান চত্বরে অনুষ্ঠিত গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়, জাতীয় পতাকা পুড়িয়ে আস্ফাালনকারী ও দেশের সার্বভৌমত্ব অমান্যকারী হেফাজতে ইসলাম লংমার্চে জাতীয় পতাকা উড়িয়ে তাদের ভণ্ড চরিত্রের পরিচয় দিয়েছে। বাংলাদেশের মানুষ তালেবানি রাষ্ট্র চায় না। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সমাবেশে বক্তব্য প্রদানকালে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান চট্টগ্রামের জনসাধারণকে কাল সোমবার হেফাজতের হরতাল প্রত্যাখ্যান করে সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট খোলা রাখার আহ্বান জানান। তিনি বলেন, হেফাজত চায় পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। মৌলবাদ যে মানবতার শত্রু তা একাত্তরে জামায়াতের যুদ্ধাপরাধীরা প্রমাণ করেছে। এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৭টি সংগঠন আয়োজিত দেশব্যাপী হরতালের দ্বিতীয় দিন গতকাল শনিবার চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা সিটি গেইটে মিছিল সমাবেশ করে।