লক্ষ্মীপুরের সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম লিটনকে (৩২) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা লিটন ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের মিজি বাড়ির শহিদ উল্লার ছেলে। এ ঘটনার প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল শেষে আজ রবিবার লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল আহবান করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে যুবদল নেতা নজরুল ইসলাম লিটন বাঙ্গাখাঁ ইউনিয়নের বালুয়া ভাংতি বাজার থেকে বাড়ির কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওতপেতে থাকা একদল সন্ত্রাসী কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় লিটনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন দাবি করেন, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী শাহাজাহান মেম্বার, আলাউদ্দিন নেতৃত্বে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে লিটনকে হত্যা করেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
