লাইভ উপস্থাপনায় বাপ্পা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৯
আবারও নিয়মিতভাবে উপস্থাপনা করতে যাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। অতীতে সংগীতবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করলেও সেগুলো ছিল রেকর্ডেড অনুষ্ঠান। এবার তিনি কোনো রেকর্ডেড অনুষ্ঠান নয়, একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। আগামী ১৩ এপ্রিল থেকে এটিএন বাংলায় এই লাইভ অনুষ্ঠানটি শুরু হচ্ছে। অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘রক অ্যান্ড টিউন’। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইভা রহমান। আর এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থাপক বাপ্পা মজুমদারের সঙ্গে গান গাওয়ার পাশাপাশি দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং নিজের জীবনের নানা ঘটনার কথাও শেয়ার করবেন। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৮টায় এটিএন বাংলার স্টুডিও থেকে প্রচার হবে। উল্লেখ্য, বাপ্পা মজুমদার এখন ‘পাওয়ার ভয়েস’ নামের একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন।