দেশের প্রায় সবকটি চ্যানেলই এখন টিআরপির রিপোর্টের ওপরই নিজেদের সাফল্যের মাপকাঠি নির্ণয় করে। সেই হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার মাত্র দুই মাসের মধ্যে টিআরপি-তে (সিরিয়াস জরিপ) স্থান করে নিয়েছে এশিয়ান টিভি। টিআরপি রিপোর্টে দেখা যায়, বিনোদনভিত্তিক চ্যানেল ক্যাটাগরিতে এশিয়ান টিভির অবস্থান ছয় নাম্বারে। আর সংবাদ এবং মিশ্র ঘরানার চ্যানেল মিলে এশিয়ান টিভির অবস্থান এগারোতে।
টিআরপিতে ধারাবাহিক নাটক ক্যাটাগরিতে এশিয়ান টিভির ‘সেকেন্ড ইনিংস’ এবং ‘কাচের ক্যানভাস’ সেরা দশ নাটকে স্থান করে নিয়েছে। এ ছাড়া এই চ্যানেলের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘গানবাজনা’ ও ‘বড়পর্দার গান’ও জায়গা করে নিয়েছে টিআরপিতে। অনেকে টিআরপিকে কোনো গুরুত্বের জায়গায় না দিলেও টিভি চ্যানেল আর স্পন্সর কোম্পানিগুলো এই বিষয়টির ওপরই নির্ভর করে তাদের জনপ্রিয়তা ও স্পন্সরভ্যালু বাড়ানো কমানোর কাজটি করে থাকে। সেই হিসেবে এশিয়ান টিভির এই দ্রুত সাফল্যে তারা আনন্দিত হতেই পারেন।
এ প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘এত অল্প সময়ে এই সাফল্যের মুখ দেখব তা আমরা ভাবিনি। এ ছাড়া আমাদের স্পন্সর চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। এ ছাড়া আমাদের অনুষ্ঠান ও নাটকের পিকচার কোয়ালিটিও এখন বিশ্বমানের। অনেকেই সমালোচনার স্বার্থে বলেন আমরা নাকি সবকিছুই ভারত থেকে নির্মাণ করে আনি। বিষয়টি পুরোটাই ভুল ধারণা। কারণ অধিকাংশ নাটক ও অনুষ্ঠান আমরা নিজস্ব প্রযোজনায় করছি। ভালো মানের ছবি দেখেই তারা এই ধরনের মন্তব্য ছুঁড়ছেন।’
উল্লেখ্য, তারা আগামী বৈশাখের পরপরই আরও কিছু নতুন ধারার অনুষ্ঠান ও নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানান।
