‘মেঘের খেয়া’য় সীমানা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৪১
এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সীমানা একুশে টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘মেঘের খেয়া’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। নাটকে তার চরিত্রটির নাম নূরী। গত ২৬ মার্চ থেকে এ মাসের ৩ তারিখ পর্যন্ত রাঙামাটিতে টানা শুটিং করেছেন। নাটকটি আগামী ১৫ এপ্রিল থেকে একুশে টেলিভিশনে প্রচার শুরু হবে বলে জানান সীমানা। নাটকটিতে নিজের চরিত্রটি বর্ণনা করতে গিয়ে সীমানা বলেন, ‘নূরী রাঙামাটি এলাকার একটি শিক্ষিত মেয়ে। খুবই চঞ্চল প্রকৃতির এবং পরোপকারী একটি মেয়ে। গ্রামের সর্দার তাকে বিয়ে করতে চায় এবং চরম বিরক্ত করে। কিন্তু মায়ের কারণে সর্দার বেশিদূর এগোতে পারে না। এরই মধ্যে শহুরে একটা ছেলে রাঙামাটিতে ঘুরতে আসে এবং অসুস্থ হয়ে পড়ে। পরোপকারী নূরী ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে সেবাযত্ন করে সারিয়ে তোলে। কিছুদিন পর ছেলেটা নূরীর মায়ের কাছে নূরীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে নূরীর মা অসম্মতি জানায়। শহুরে অচেনা ছেলের কাছে বিয়ে দেবে না বলে এবং নূরীর ক্যান্সার আছে এবং ছয় মাসের বেশি নূরী বাঁচবে না এ কারণেই ছেলেটিকে না করে নূরীর মা। কিন্তু নাছোড়বান্দা ছেলে তো কোনোভাবেই মানছে না। শহরে ফিরে গিয়ে পরিবারকে বলে, সেখান থেকে শুধু মা রাজি হয় এবং মাকে নিয়ে রাঙামাটি আসে এবং নূরীকে আংটি পরিয়ে দেয়। আর নূরীর চরিত্রে অভিনয় করেছি আমি। আপাতত আমরা এটুকুই শুটিং করেছি।’