গতকাল সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার দেশের উভয় শেয়ার বাজার দরপতনের মধ্য দিয়ে পার করেছে। এর আগে বৃহস্পতিবারও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছিল। দরপতনের পাশাপাশি লেনদেনও হচ্ছে খুব কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকা। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে টানা ১৯ কার্য দিবস ডিএসইতে লেনদেন হয়েছে দুইশ কেটি টাকার নিচে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেন হয়েছে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো ঘিরে। বাজারের মোট লেনদেনের ১৬ শতাংশই হয়েছে ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং গ্লোবাল হেভি ক্যামিক্যালসের শেয়ার। এদিকে গতকাল বাজারে প্রায় সবগুলোরই দাম বেড়েছে। ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে মাত্র তিনটির। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানিরও সবগুলো মিউচুয়াল ফান্ড।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ পয়েন্ট কমে ৩ হাজার ৪৯৩ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৬ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ১১৪ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৩৮০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তীত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। গতকাল ডিএসইতে হাত বদল হয়েছে ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র দেয়া তথ্যে দেখা গেছে, বিডি ল্যাম্পস, আল আরাফাহ ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং আরডি ফুড সমাপ্ত অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে বিডি ল্যাম্পস ২০ শতাংশ নগদ, আল আরাফাহ ব্যাংক ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং আরডি ফুড ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে।
