বাংলাদেশি এসএমই পণ্য ভিয়েতনামে রপ্তানির ক্ষেত্রে শুল্ক সুবিধা দেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভু হাই হোয়াং। তিনি বলেন, বিশ্ববাণিজ্য সংস্থা নির্ধারিত কাঠামোর আওতায় এ সুযোগ দেয়ার বিষয়ে ভিয়েতনাম সরকার প্রচেষ্টা চালাবে। একই সাথে তিনি বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ভিয়েতনামে বিনিয়োগের আহ্বান জানান।
ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সফররত এক প্রতিনিধি দল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আহ্বান জানানো হয়। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভিয়েতনামের মন্ত্রী বলেন, দুই দেশের সম্ভাবনা কাজে লাগাতে দ্বি-পাক্ষিক পুঁজি বিনিয়োগ ও সংরক্ষণ চুক্তি, দ্বৈত কর পরিহার চুক্তিসহ অন্যান্য কাঠামোগত সহায়তা প্রয়োজন। তিনি বাংলাদেশের সাথে ইতিপূর্বে সম্পাদিত দ্বি-পাক্ষিক পুঁজি বিনিয়োগ ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থনের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ভিয়েতনামি উদ্যোক্তারা বিনিয়োগ করবে। তিনি জাহাজ নির্মাণ শিল্পখাতে ভিয়েতনামের অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দেন। সিমেন্ট, ওষুধ, প্লাস্টিক, সিরামিক, চামড়াসহ দুই দেশের জন্য অভিন্ন সম্ভাবনাময় শিল্পখাতে যৌথ বিনিয়োগ করে উভয় দেশই লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
