হরতালে দু’জেলার ফুল চাষিদের মাথায় হাত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৭
ঘনঘন হরতালে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ফুল চাষিদের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিদিন হরতালে ফুল চাষিদের কমপক্ষে দু’লাখ টাকা করে ক্ষতি হচ্ছে। চাষিরা জানায়, হরতালের দিনে পাইকার ও ফঁড়িয়ারা ফুল কেনে না। এতে ফুলের দরপতন হয়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় একশ’ ৭০ হেক্টরে ও চুয়াডাঙ্গা জেলায় একশ’ হেক্টরে ফুলের চাষ হয়। এর মধ্যে গাঁদা ফুলের পরিমাণই বেশি। ফুলের প্রধান বাজার হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। গাঁদা ফুলের প্রধান হাট বসে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিডাঙ্গাতে। প্রতিদিন দুপুরে ফুলের হাট বসে থাকে। ক্ষেত থেকে গাঁদা ফুল তুলে ঝোপা তৈরি করা হয়। ভ্যান, বাইসাইকেল ও আলমসাধু যোগে ফুল হাটে আনে চাষি। তারপর ব্যাপারি ও ফঁড়িয়ারা কিনে বাসের ছাদে করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন শহরে সন্ধ্যায় চালান পাঠায়। হরতালের কারণে বাস চলে না। ফলে ফুলের চালান পাঠানো যায় না।