পাহাড়ের শ্যামল প্রকৃতি পুড়ছে জুমের আগুনে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৪৭
জুমের আগুনে পুড়ছে বান্দরবানের শত শত পাহাড়। আদিপদ্ধতিতে জুম চাষের জন্য বান্দরবানে শত শত পাহাড়ের ঝাড়-জঙ্গল, গাছ-পালা কেটে আগুনে পোড়ানো হচ্ছে। পাহাড়ী জুমিয়া পরিবারগুলোর লাগানো আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলের সবুজ শ্যামল প্রকৃতি। জুমের আগুনে পুড়ছে মানুষ এবং ঘরবাড়িও। গত বুধবারও জেলার থানছি উপজেলায় পাহাড়ে লাগানো জুমের আগুনে মায়ারাং কারবারী পাড়ায় পাহাড়ী জনগোষ্ঠীদের ৯টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে শুক্রবারও বান্দরবান-রুমা সড়কের আশপাশে অসংখ্য পাহাড় জুম চাষের জন্য আগুনে পোড়াতে দেখা গেছে। একারণে পাহাড়ে পরিবেশ সম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। কৃষি বিভাগসহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, তিন পার্বত্য জেলার মধ্যে এবারও বান্দরবানে সর্বাধিক জমিতে জুম চাষের প্রস্তুতি নিয়েছে পাহাড়ীরা। জেলায় প্রায় ১১ হাজারের অধিক হেক্টর পাহাড়ী জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।