রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে গবাদিপশুর চামড়া পচন রোগ ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে ১০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে কয়েকশ’। আক্রান্ত গবাদিপশুর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে আক্রান্তের মধ্যে বাছুরের সংখ্যাই বেশি। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে গবাদিপশুর চামড়া পচন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে কমপক্ষে ১০টি গরু মারা গেছে। প্রায় ঘরে ঘরে এ রোগের আক্রমণ দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানান। গরুর মালিকরা জানান, প্রাথমিক অবস্থায় গরুটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। শরীর দুর্বল হয়ে পড়ে। বকসিগঞ্জ এলাকার বানিয়াপাড়া গ্রামের খেজুর আলীর ১টি, তালুক ভুবনের ওবায়দুল্লাহর ১টি, মোখলেছের ১টিসহ কমপক্ষে ১০টি গরু মারা গেছে। তাছাড়া এলাকার শহীদুল ইসলামের ১টি, বানুর ১টি, আলফাজের ৩টি, সুজা মিয়ার ১টি, আব্দুল মান্নানের ২টি, আব্দুল মালেকের ১টি, সুজনের ১টিসহ গঙ্গাচড়ায় কয়েকশ’ গবাদিপশু চামড়া পচন রোগে আক্রান্ত হয়েছে। গত শনিবার বকসিগঞ্জ গিয়ে দেখা যায় আলফাজ হোসেন মশা-মাছির হাত থেকে বাছুরকে রক্ষার জন্য মশারি টাঙ্গিয়ে দিয়েছে। তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বেশির ভাগই কবিরাজী চিকিত্সা নিয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম আকন্দ চামড়া পচন রোগে গরু মারা যাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এ রোগটি একটি জীবাণুঘটিত রোগ। যাকে ডারমাটোফেলোসিস রোগ বলা হয়।
