জলদস্যুদের হাতে নিহত ২ লাশের পরিচয় মেলেনি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫২
কক্সবাজারের মহেশখালী সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ৩ লাশের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বেওয়ারিশ হিসেবে শুক্রবার কক্সবাজার শহরের কেন্দ্রীয় (বড় কবরস্থান) কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার রাতে মহেশখালী থেকে উদ্ধার করা ৩ লাশের মধ্যে মাত্র একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকালে বাঁশখালীতে নিয়ে যাওয়া হয়েছে। অপর ২ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য শুক্রবার কক্সবাজার পৌরসভার কাছে হস্তান্তর করা হলে পৌরসভা শহরের বড় কবরস্থানে লাশগুলো দাফন করে। লাশগুলোর শরীরে পচন ধরে বিকৃত হয়ে যাওয়ায় তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। তবে পুলিশের ধারণা, লাশগুলো গত ২৫ মার্চের ডাকাতির ঘটনায় নিহত জেলেদের। ওই ঘটনায় বাঁশখালীর ৩টি মাছ ধরার ট্রলারে লুটপাট ও ৩১ মাঝিমাল্লাকে হত্যা করে জলদস্যুরা। এই ঘটনায় ২ বেওয়ারিশ লাশসহ এই পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার হয়।