মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে ইলিশ লুট করতে গিয়ে জেলেদের হাতে আটক হয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মী নবিন এবং যুবলীগ কর্মী আব্দুল্লাহ। গতকাল রবিবার ভোরে মেহেন্দিগঞ্জের ভাষানচর এলাকার কালাবদর নদীতে জেলেদের ইলিশ লুট করতে গেলে নবিন ও আব্দুল্লাহকে আটক করে কাজিরহাট পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
পহেলা বৈশাখ সামনে থাকায় ইলিশের দাম এখন বেশ চড়া। প্রতিবারই পহেলা বৈশাখের আগে নৌকা থেকে ইলিশ চুরি হয়ে যায়। এজন্য এবার আগে থেকেই প্রস্তুত ছিলেন জেলেরা। গতকাল ভোর রাতে পাঁচ যুবক নৌকা থেকে মাছ লুট করতে শুরু করে। এ সময় নদীতে থাকা ১০/১২ জেলে এবং গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও ছাত্রলীগ কর্মী নবিন ও আব্দুল্লাহ ধরা পড়ে জেলে ও গ্রামবাসীর হাতে। আটককৃতদের রাতেই কাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে জেলে দেলোয়ার জানান, আটককৃতরা ইতিপূর্বে জেলে জালাল ঘরামীকে আটকে রেখে ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছে। এছাড়া বিভিন্ন সময় এসে চাঁদা দাবি করত। দাবিকৃত চাঁদা না দিলে তারা মাছ লুট করে। ইলিশ লুটের ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
