বায়ার্নের অনন্য রেকর্ড

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১২
অনন্য এক রেকর্ড গড়লো বায়ার্ন মিউনিখ। ছয় ম্যাচ আগেই বুন্দেসলিগার শিরোপা নিজেদের করে নিলো বায়ার্ন মিউনিখ। রেকর্ড গড়ার সাথে বিদায়ী কোচ জুপ হেইঙ্কেসকে দারুণ এক সংবর্ধনা দিলো দলের খেলোয়াড়রা। শনিবার বায়ার্ন মিউনিখ এইনট্রাখট ফ্রাঙ্কফুটকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৩তম লিগ শিরোপা জয় করলো জার্মানীর এই অভিজাত ক্লাবটি। ১৯৬৩ সালে যাত্রা শুরু করে জার্মান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই আসরটি। তবে, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে ছয় ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলে নেয়ার নজির এই প্রথম। এর আগে ১৯৭৩ ও ২০০৩ সালে চার ম্যাচ হাতে রেখে এই বায়ার্নই শিরোপা জয় করে। আর অনন্য এক রেকর্ড গড়ার দিনে কোচ জুপ হেইঙ্কেসকেও বেশ ঘটা করেই বিদায় জানালো বাভারিয়ানরা। সামনের মাসেই ৬৮ তে পা রাখতে যাচ্ছেন এই কোচ। টানা তিনটি মৌসুম জার্মানীতে কাটানো এই কোচের বায়ার্নের হয়ে এটাই শেষ মৌসুম। সামনের মৌসুমে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। ক্লাবে নিজের শেষ দেখতে পারলেও এই মৌসুমেই দলকে নিয়ে আরো বড় অর্জনের স্বপ্ন দেখছেন হেইঙ্কেস। সাংবাদিকদের নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘গত ২৮টি ম্যাচে অস্বাভাবিক ভালো ফুটবল খেলার জন্যই আজ আমরা এই ট্রফি জয় করতে পেরেছি। এটা অসাধারণ এক অনুভূতি। আমরা বড় দল সেই ব্যাপারে কারও সন্দেহ কোনো কালেই ছিল না। তবে, এবার বেশ সফল ভাবেই আমরা নিজেদের মেলে ধরতে পেরেছি। আশা করি এবার চ্যাম্পিয়ন্স লিগেও আমরা নিজেদের মেলে ধরতে পারবো।’ গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে হেরে কপাল পুড়ে হেইঙ্কেসের দলের। তবে, এবার শিরোপার দিকে বেশ ভাল পারফরম্যান্স দিয়েই এগিয়ে যাচ্ছে তারা। গত বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে তারা ২-০ গোলে পরাজিত করে ইতালিয়ান দল জুভেন্টাসকে। এবারের মৌসুমে ২৮টি লিগ ম্যাচে ২৪টিই জিতেছে বায়ার্ন মিউনিখ। গতকাল দ্বিতীয়ার্ধের সাত মিনিটে তাদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জার্মান জাতীয় ফুটবল দলের তারকা বাস্তেইন শোয়েনস্টাইগার। আর এই একমাত্র গোলেই গতবারের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ২০ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নিলো বায়ার্ন মিউনিখ। এর আগে ২৬ মিনিটে পেনাল্টি মিস করেন বায়ার্নের ডেভিড অ্যালবা। শনিবার বুন্দেসলিগার অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে হারায় পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা অগসবার্গকে।