রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে বৃহত্তর ময়মনসিংহ পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
রাজধানীর এলিফ্যান্ট রোডে ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ গত শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণসভা নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ ময়মনসিংহ পরিষদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং রাষ্ট্রপতিকে একজন ক্ষণজম্মা পুরুষ হিসাবে আখ্যায়িত করেন। সভাপতির বক্তব্যে মাহফিজুর রহমান বাবুল প্রয়াত রাষ্ট্রপতিকে একজন দক্ষ সংগঠক, সফল রাজনীতিবিদ, বৃহত্তর ময়মনসিংহ, বাংলাদেশের তথা বিশ্বের গর্ব বলে উল্লেখ করেন। জাতিসংঘে মরহুমের স্মৃতিতে শোক সভা হওয়ায় সমগ্র বিশ্বে বাংলাদেশের মুখোজ্জ্বল হয়েছে এবং রাষ্ট্রপতি জীবিতাবস্থায় বৃহত্তর ময়মনসিংহকে বিভাগে উন্নয়নের বিষয়টি সমর্থন দিয়ে একমত ঘোষণা করেছিলেন বলে তিনি জানান। মাহফিজুর রহমান, অধ্যাপক আকবর সিরাজী, ফেরদৌসী রহমান কুসুম, জাহাঙ্গীর আলম, কবি এমদাদ খান, আ. কুদ্দুস খান, হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, শফিকুর রহমান আকন্দ, অধ্যক্ষ শফি খন্দকার, অ্যাডভোকেট রুহুল আমিন, জিল্লুর রহমান দিদার, ইমরুল কায়েস শিমুল, সাইফুল কবির স্টেলিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সোয়া দুই কোটি মানুষের প্রাণের দাবি অবিলম্বে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি