শিবগঞ্জে সরকারি দলের দুই নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলার যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা তারা বলতে না পারলেও খাদেমুল ইসলাম ও মজিবুর রহমান কাফনের কাপড় ও হুমকি দেয়া চিরকুট পাওয়ার কথা স্বীকার করেছেন। তারা জানান, শনিবার রাতে কে বা কারা তাদের বাড়িতে পলিথিনের প্যাকেট ফেলে যায়। এতে একটি চিরকুটের সঙ্গে কাফনের কাপড়ও রয়েছে। চিরকুটে লেখা আছে, স্থানীয় জামায়াত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। না হলে তাদের লাশ ফেলা দেয়া হবে। জেলায় জামায়াতের সামপ্রতিক সহিংসতায় বেশ কয়েকটি মামলা হলেও এরা দুই জন কোন মামলার বাদী নন। স্থানীয় জামায়াত নেতারা অবশ্য এ ধরনের তত্পরতার কথা অস্বীকার করেছেন।