ডা. মুজিবুর রহমান
বাগেরহাটের প্রবীণ সাংবাদিক ডা. মুজিবুর রহমান (৭৯) আর নেই। বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট গ্রামে নিজ বাড়িতে গতকাল দুপুরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাগেরহাট শহরে আজ সকাল ৯টায় স্বাধীনতা উদ্যানে এবং বেলা সাড়ে ১১টায় খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ১৯৬২ সালে দৈনিক আজাদ পত্রিকার বাগেরহাট মহকুমা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন প্রবীণ এই সাংবাদিক। ১৯৭৭ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। দুই দশকেরও বেশী সময় তিনি দৈনিক ইত্তেফাকের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন হোমিও চিকিত্সক। প্রবীণ এই সংবাদকর্মীর মৃত্যুতে বাগেরহাট-২ আসনের এমপি অ্যাডভোকেট মীর শওকাত আলী এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমডি. মোজাফফর হোসেন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নিশিথ সরকার চয়ন
পৌরসভার ৪নং ওয়ার্ডের উকিলপাড়া নিবাসী স্বর্গীয় অ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সরকারের পুত্র সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিশিথ সরকার চয়ন (৬২) গতকাল নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্ত্যুেষ্টিক্রিয়া গতকাল বিকালে পৌর শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।
অমল হাওলাদার
কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি খ্রিষ্টান ধর্মপল্লীর সাবেক চেয়ারম্যান অমল হাওলাদার (৯০) গত শনিবার ঢাকায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। আজ তার মরদেহ মাদারীপুর জেলার কালকিনী উপজেলার নবগ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
