আজকের হরতাল সমর্থনে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে শহরে সমাবেশ ও মিছিল হয়েছে। ডিআইটি জামে মসজিদের সামনে সমাবেশে বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোমবার হরতালে বাধা দিলে এর পরিণাম হবে ভয়াবহ। আর এজন্য যে কোন পরিস্থিতির দায় নিতে হবে প্রশাসনকেই। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রবিবার বাদ আসর হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক ও ডিআইটি জামে মসজিদের খতীব মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মুফতি আজিজুল হক, সদস্য সচিব আবদুল কাদির, সদস্য মুফতি শামসুদ্দোহা, ফেরদাউসুর রহমান, হারুনুর রশিদ, মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। সোমবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেছেন, সোমবার তারা নারায়ণগঞ্জে পিকেটিং ছাড়াই শান্তিপূর্ণ হরতাল করতে চায়। যদি প্রশাসন বাধা দেয় তাহলে সেক্ষেত্রে হেফাজত বসে থাকবে না।
