কালাইয়ে পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৮
জয়পুরহাটের কালাইয়ে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম তৌহিদুল ইসলাম সবুজ (২৮)। সে উপজেলার মাত্রাই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে সবুজ বিয়ালা গ্রামে নিজ বাড়িতে বাবার সঙ্গে কথা বলছিলেন। এ সময় শাহজাহান, রাজ্জাক, রেজাউল ও লুত্ফরসহ কয়েকজন বিএনপি কর্মী বাড়িতে ঢুকে সবুজকে তার বাবার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে স্থানীয় ফেরদৌস হাজির বাড়ির সামনে সবুজকে ফেলে বেদম পিটুনি দেয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সবুজের পায়ের রগ কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সবুজকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রগ কেটে দেয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিত্সকরা। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ময়নাতদন্তের জন্য সবুজের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করবে সবুজের পরিবার।’ প্রসঙ্গত, গত ৪ মার্চ জামায়াতের হরতাল চলাকালে কালাইয়ের মাত্রাই ইউনিয়ন পরিষদে হামলা চালায় স্থানীয় জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনার জের ধরে তাদের বিরুদ্ধে ৪টি মামলা হয়। আসামিদের মধ্যে বিএনপি কর্মী আলম মিয়াকে গত ৩০ মার্চ ইউনিয়ন পরিষদে ধরে এনে নির্যাতন করে পায়ের রগ কেটে পুলিশে সোপর্দ করা হয়। এরই জের ধরে সবুজকে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।