সরকারের সহায়তায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৪৯
হেফাজতে ইসলাম গত শনিবার রাজধানীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা দাবি করেছে যে, সাংবাদিকদের ওপর হামলায় কোনোভাবেই হেফাজতে ইসলাম জড়িত নয়। সরকারি সহায়তায় দুষ্কৃতকারীরা এই হামলা করেছে বলে সংগঠনটি অভিযোগ করেছে। গতকাল রবিবার পুরনো ঢাকার লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের সমাবেশে পাঞ্জাবি-পায়জামা এবং টুপি পরিহিত এক শ্রেণীর দষ্কৃতকারী সরকারি সহায়তায় সাংবাদিকদের ওপর হামলা করে। হরতাল প্রসঙ্গে কাসেমী বলেন, আজ সোমবার তসবি ও জায়নামাজ হাতে নিয়ে সংগঠনের কর্মীরা রাজপথে শান্তিপূর্ণ হরতাল পালন করবে। আমরা গাড়ি বা দোকান পাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করবো না। যদি কোনো অপ্রীতিকর বা সহিংস ঘটনা ঘটানো হয়, তার দায়ভার সরকারকে নিতে হবে। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রেখে হরতাল পালনে সহযোগিতা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মাওলানা সামছুল ইসলাম হামেদী, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জাফর উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।