দেশে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে ১ বছর ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম। গত শনিবার আমেরিকার আটলান্টার একটি পরীক্ষাগার এই মৃত্যু বার্ড ফ্লুতে বলেই নিশ্চিত করেছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ঐ শিশুর মৃত্যু হয়।
বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, এটাই বাংলাদেশে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা প্রথম। এর আগে ৬ জন এই রোগে আক্রান্ত হলেও তারা মারা যায়নি।
আইইডিসিআর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, চৌদ্দগ্রামের ঐ শিশুর বয়স এক বছর ১১ মাস। জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি ঐ শিশুর মৃত্যু হয়। পরে আইইডিসিআরের বিশেষজ্ঞরা শিশুর গলা ও নাক থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে (সিডিসি) পাঠান। শনিবার সিডিসি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত ছিল।
