রাজশাহী বিভাগের তিনি জেলায় জামায়াত-শিবিরের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জামায়াতের রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ছাত্রশিবিরের মহানগর কমিটির দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত-শিবির রবিবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হলেও পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।
আমাদের রাজশাহী অফিস জানায়, রবিবার রাজশাহীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও পিকেটিংয়ে মাঠে নামতে পারেনি জামায়াত-শিবির। নৈতিক সমর্থন দিয়েও মাঠে নামেনি মহানগর বিএনপিও। ফলে জামায়াত-শিবিরের গতকালের হরতালে রাজশাহীর জনজীবনে তেমন প্রভাব পড়েনি। শুধু বাস ও ট্রাক চলাচল করেনি। এছাড়া নগরজীবনের সবকিছুই ছিল প্রায় স্বাভাবিক। নগরীতে হালকা যান চলাচলও প্রায় স্বাভাবিক ছিল।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সেখানেও হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়। সকালে শহরের শিবতলা মোড় ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সামনে, উপ-রাজরামপুর মোড়ে পিকেটারদের উপস্থিতি ছিল। আলহাজ্ব গোলাম মর্তুজা (৬৫) নামে একজন আওয়ামী লীগ সমর্থক ও বাবুল হোসেন নামে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের নাটোর প্রতিনিধিও একই ধরনের খবর দিয়েছেন।
লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম লিটনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল রবিবার লক্ষ্মীপুরে জেলা যুবদলের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে শহরের বাস টার্মিনাল, দক্ষিণ তেমুহনী, জকসিন, মান্দারী ও হাজিরপাড়াসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে হরতালকারীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
