হরতালের সমর্থনে নগরীতে পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। একইভাবে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দলের নেতা-কর্মীরা। গতকাল রবিবার বিকালে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের উদ্যোগে নগরীর বাজার রোডস্থ খাজা মাঈনুদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নাস্তিক মুরতাদদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবির পাশাপাশি আজ সোমবারের হরতাল সফল করার আহবান জানান। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে নেতা-কর্মীরা পুলিশী বাধা উপেক্ষা করে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল শেষে নগরীর ফজলুল হক এভিনিউতে মোটর সাইকেল মহড়া দেয় হেফাজত ইসলামের নেতা-কর্মীরা।
অপরদিকে হরতালের বিপক্ষে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৪ দলের নেতা-কর্মীরা। বিকালে সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে বক্তারা যে কোন মূল্যে হরতাল প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগর প্রদক্ষিণ করে।
