বিএনপি মধ্যযুগীয় চিন্তা-চেতনার দল :হানিফ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫০
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, হেফাজতে ইসলামের মধ্যযুগীয় দাবিতে সমর্থন দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা মধ্যযুগীয় চিন্তা চেতনায় বিশ্বাসী দল। এছাড়া হেফাজতে ইসলামের লংমার্চে সমর্থনের মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বও প্রমাণিত হয়েছে। তবে হেফাজতের এই মধ্যযুগীয় দাবি বাংলার মানুষ মেনে নেবে না। গতকাল রবিবার বিকালে রাজধানীর কাওরান বাজারে তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির ৩৬ ঘণ্টার হরতাল জনগণের জন্য নয়। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশকে অস্থিতিশীল করতে এ হরতাল দেয়া হয়েছে। বিরোধী দলের ডাকা হরতালকে জনবিরোধী দাবি করে তা প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিরোধী দলের কর্মসূচিতে সরকারি সম্পদ ধ্বংস করা হয়। খালেদা জিয়া তার পাকিস্তানী প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে এবং দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের তীব্র সমালোচনা করে তিনি সরকারের চার বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তেজগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।