ময়মনসিংহের ফুলপুরে দুই মন্দিরের পাঁচটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দুয়া গ্রামের সুনীল সরকারের বাড়ির পুকুর পাড়ে পাশাপাশি অবস্থিত কালি ও দুর্গা মন্দিরে দুর্বৃত্তরা রাতের আঁধারে ভাংচুর করে সরস্বতী, কালি, কার্তিক, ডোরাবালি ও রাধাকৃষ্ণ মূর্তি। ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ তালুকদার জানান, হিন্দু ধর্মাবলম্বীরা রবিবার সকালে মন্দিরে পুজা করতে গিয়ে ভাঙ্গা মূর্তি দেখে পুলিশে খবর দেয়। তারাকান্দা থানার ওসি নরেন্দ্রনাথ সরকার ঘটনাস্থল পরিদর্শন করে ইত্তেফাককে জানান, তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র পাল অজ্ঞাতদের আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। মূর্তি ভাংচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সমপ্রদায়ের লোকজনের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ফেরদৌস ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
