রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশ কয়েকটি ইস্যুতে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বৈঠকের আলোচ্যসূচির মধ্যে নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচন, চার সিটি করপোরেশনের নির্বাচন এবং জাতীয় নির্বাচনের সীমানা পুন:নির্ধারণে খসড়া তালিকার উপর আপত্তি নিষ্পত্তির অন্তর্ভুক্ত রয়েছে।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) এম শওকত আলীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে গতকাল রবিবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ্ নেওয়াজ। তিনি বলেন, স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ বৈঠকের পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার মো. শাহ্ নেওয়াজ বলেন, আমরা সংসদ সচিবালয়ের কাছ থেকে ৩৪৯ জন সংসদ সদস্যের নামসম্বলিত ভোটার তালিকা হাতে পেয়েছি। এরপর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। সংসদ ভবনের অধিবেশন কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারই এ নির্বাচন প্রক্রিয়ায় সভাপতিত্ব করবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি। এ নির্বাচনের জন্য সরঞ্জামাদি সংগ্রহ শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত। এরই অংশ হিসেবে ইসি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করা হচ্ছে, যা প্রায় চূড়ান্ত অবস্থায় আছে। শাহ নেওয়াজ বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় সীমানা নির্ধারণের খসড়া চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে ইসি। এর আপত্তি গ্রহণও শেষ হয়েছে। এখন চলছে আপত্তি শুনানির মাধ্যমে নিষ্পত্তির কাজ। সহসাই এটি করা হবে। এর আগে বিভাগীয় পর্যায়ে আপত্তি নিষ্পত্তির কথা থাকলেও বর্তমানে ঢাকাতেই শুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
