ফরিদপুরের ভাঙ্গায় গত শনিবার রাতে হেফাজতে ইসলামের সাথে হরতাল সমর্থক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় হেফাজতের সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে নিহত আওয়ামী লীগ নেতা নওশের খানকে গতকাল রবিবার নিজ গ্রাম শিকদার কান্দিতে দাফন করা হয়েছে। এদিকে সংঘর্ষের স্থান মাদানীনগর মাদ্রাসায় গত শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় গতকাল আটক ১৪ জনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।
সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে পুলিশ বাদী হয়ে ৬০ হেফাজত নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো অনেকের নামে সরকারি কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা করেছে। নিহত নওশেরের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মাদানীনগর মাদ্রাসায় গত শনিবার মধ্যরাতে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে পুলিশ ধারণা করছে। অবশ্য ফায়ার সার্ভিস আসার আগেই পুলিশ আগুন নিভিয়ে ফেলে। এ সময় মাদ্রাসায় কেউ ছিল না বলে পুলিশ জানায়।
