জামালপুরে ১৪ দলের মিছিলে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে জেলা বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ১৪ দলের নেতাকর্মী ও বিএনপির কর্মীদের মাঝে সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সুরুজ্জামানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ১৪ দল শহরের বকুলতলা থেকে মিছিল বের করে রেলস্টেশনে যাবার সময় স্টেশন রোডে বিএনপির অফিসের সামনে পৌঁছলে মিছিলের পেছনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জের ধরে ১৪ দলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে। এ সময় ২টি মোটর সাইকেল ও কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের এক রাউন্ড গুলি, ৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
