চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, যে দেশের শতকরা নব্বই ভাগ মুসলমান, সে দেশে ইসলামী আইন স্বাধীনতার ৪২ বছরেও কায়েম হয়নি। দেশের আপামর জনগণ তাই শান্তির ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছেন। শান্তি পেতে হলে এদেশে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের কোন বিকল্প নেই। আল্লাহ-রাসূলের আইনকে প্রতিষ্ঠিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। রবিবার বিকালে মীর্জাগঞ্জ উপজেলা আদালত প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মীর্জাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাদের কাজ হচ্ছে ঝগড়া করা। তাই নারী নেতৃত্বের পরিবর্তন আনতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মীর্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আবুবক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. নাজমুল হুদা, মো. মাহবুবুর রহমান, হাফেজ মো. আবদুর রহমান প্রমুখ।
