মুক্তচিন্তার চর্চা বাধাগ্রস্ত করলে ধর্মান্ধরা শক্তিশালী হবে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংহতি সমাবেশে বক্তারা বলেছেন, হেফাজতে ইসলাম সরকারের প্রতি যে দাবি দিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ তালেবানী রাষ্ট্রে পরিণত হবে। ধর্মান্ধ মৌলবাদী হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে। অথচ যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের দাবি মেনে নিচ্ছে সরকার। এর মাধ্যমে মুক্তচিন্তার চর্চা ও প্রকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। মুক্ত চিন্তার চর্চা ও প্রকাশ বাধাগ্রস্ত করলে ধর্মান্ধরা শক্তিশালী হবে। গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তির দাবিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্কের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মাসুদুজ্জামান, ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি পিনাক রায় পিন্টু, ছাত্র ফেডারেশন সভাপতি সামিয়া রহমান, ব্লগার ক্যামেলিয়া, শিক্ষার্থী অনুপ চ্যাটার্জি, সাদমান সাকিব, জয়নাব শান্তু, রাফাত মিশু প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান।