আজাদ আবুল কালাম ও তমালিকা কর্মকার একসাথে জুটি বেঁধে কাজ করেছেন একাধিকবার। মঞ্চেও এই জুটি ব্যাপক জনপ্রিয়। তাই ছোটপর্দার নির্মাতারা এই জুটিকে এক্সক্লুসিভভাবেই কাস্ট করে থাকেন।
সম্প্রতি একুশে টিভির বর্ষপূর্তিতে বিশেষ নাটকে এই জুটিকে দেখা যাবে ভিন্ন একটি চরিত্রে। দেশের বরেণ্য টিভি ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর নাটকে ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত সিঁধেল চোর হিসেবে অভিনয় করলেন আজাদ আবুল কালাম। আর তার সহ-অভিনেত্রী হিসেবে থাকবেন তমালিকা কর্মকার। সিঁধেল চোর হিসেবে তার নাম-ডাকও ব্যাপক। চুরি করতে গিয়ে বহুবার ধরা খেয়ে জেল খাটার পরও নিজেকে শুধরাতে পারেননি তিনি। এমন বিচিত্র চরিত্রটি দেখা যাবে ‘চোর’ নাটকে। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘চোর’ নাটকে ‘আজমত সিঁধেল চোর’ ভূমিকায় দেখা যাবে আজাদ আবুল কালামকে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, রোজী সিদ্দিকী, এমএ সবুর ও দিলু মজুমদার। নাটকটি রচনা করেছেন এমএ সবুরের এবং প্রযোজনা করেছেন রাকিব হোসেন সূর্য। একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রচার হবে নাটকটি।
