এইচএসসি পরীক্ষা ২০১৩

ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের উদ্দীপকের উত্তর সম্পর্কিয় ধারণা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:১৫
প্রিয় এইচ এস সি পরীক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা রাখি ভালো আছ। এখন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ একটু বেশি করে দেখবে। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখায় যেমন নির্দিষ্ট একটি কাঠামো অনুসরণ করতে হয় তেমনি উত্তরের প্রস্তুতির ক্ষেত্রেও তোমরা কিছু নিয়ম অনুসরণ করতে পার। প্রতিটি উদ্দীপকের ক অর্থাত্ জ্ঞানমূলক উত্তর তোমরা একটি প্যারায় এক থেকে তিন লাইনের মধ্যে উপস্থাপন করতে পার। খ অর্থাত্ অনুধাবনমূলক উত্তর তোমরা ধারাবাহিকভাবে ২ টি প্যারা করে ৬ থেকে ৯ লাইনের মধ্যে উপস্থাপন করতে পার। গ অর্থাত্ প্রয়োগ স্তরের উত্তর তোমরা ধারাবাহিক ভাবে তিনটি প্যারা করে ১১ থেকে ১৬ লাইনের মধ্যে এবং ঘ অর্থাত্ উচ্চতর দক্ষতা স্তরে ধারাবাহিকভাবে চারটি প্যারায় মোট ১৮ থেকে ২০ লাইনের মধ্যে উপস্থাপন করতে পার। তবে সময় যেহেতু প্রতিটি উদ্দীপকে প্রায় ২২ মিনিট তাই সময় ব্যবস্থাপনা এখানে খুবই জরুরী। যে কোন ভাবেই হোক ৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে। পাশাপাশি একটি উদ্দীপক একাধিক অধ্যায় নিয়ে হতে পারে। সব কিছুর সাথে মিল রেখে নিচে তোমাদের জন্য একটি উদ্দীপক এবং উত্তর তৈরী করেছেন নিকুঞ্জ মডেল কলেজের প্রভাষক মো. কবির হোসেন সুজন। উদ্দীপক : স্টামর্ফোট বিশ্ববিদ্যালয় হতে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করা নাছির উদ্দিন পলাশের বাবা জনাব নাছিরুল আলম বুলবুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের সকল কিছু নিজেই দেখাশুনা করেন। বাবার আশা ছেলে পড়াশুনা শেষ করে বাবার ব্যবসায়ের হাল ধরবেন। কিন্তু ছেলে বাবার প্রস্তাবে রাজী নয়। সে তার তত্ত্ব গত জ্ঞানকে ব্যবহারিক জ্ঞানে রুপায়িত করার লক্ষ্যে একটি মান সম্মত ঔষধ কোম্পানীতে ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন। এবং এতে তার সফলতাও আসে। সে তার বাবার প্রস্তাবে রাজী না হলেও এখন তার বাবা খুশি। ক) বাণিজ্য কী ? ১ খ) ভৌগোলিক পরিবেশ বলতে কি বুঝায় ? ২ গ) উপরের উদ্দীপকে জনাব নাছির উদ্দিন পলাশের বাবার ব্যবসাটি কোন ধরনের ? আলোচনা কর। ৩ ঘ) উদ্দীপকে জনাব নাছির উদ্দিন পলাশের কর্মরত প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প হওয়া উচিত বলে তুমি মনেকর ? তোমার মতামত দাও। ৪ উদ্দীপকের ক এর উত্তর: শিল্পে উত্পাদিত পণ্য সামগ্রী পরবর্তী উত্পাদক বা প্রকৃত ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে ব্যক্তিগত, অর্থগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত, প্রচারগত ইত্যাদি বাধা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের নিমিত্তে পণ্য ক্রয়-বিক্রয় এবং ব্যাংক, বীমা, পরিবহন ও গুদামজাতকরণ সংক্রান্ত সহায়ক কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। (জ্ঞানমূলক ১ নম্বর) উদ্দীপকের খ এর উত্তর: কোন দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ, অবস্থান ও আয়তন ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে ভৌগলিক বা প্রাকৃতিক পরিবেশ বলে। (জ্ঞানমূলক ১ নম্বর) পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। যেমন, একেক দেশের জলবায়ু, আবহাওয়া, মৃত্তিকা, অবস্থান ও আয়তন একেক ধরনের। আবার একেক দেশে একেক ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এ সকল উপাদানের পার্থক্য হেতু দেশের ব্যবসায়িক কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। বাংলাদেশে পাট শিল্প, নরওয়েতে মত্স্য শিল্প, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠার পিছনে এরম্নপ কারণ বিদ্যমান। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো আবহাওয়া ও ভূ-প্রকৃতির কারণে কৃষিতে পশ্চাত্পদ। এই সব কিছু নিয়েই ভৌগলিক পরিবেশ। (অনুধাবনমূলক ১ নম্বর) উদ্দীপকের গ এর উত্তর : উদ্দীপকে জনাব নাছির উদ্দিন পলাশের বাবার ব্যবসাটি একটি একমালিকানা ব্যবসা। (জ্ঞানমূলক ১ নম্বর) যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে এবং তিনি নিজস্ব তহবিল হইতে পুঁজির সংস্থান করে একাই ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং সকল দায়-দায়িত্ব ও ঝুঁকি একাই বহন করে অর্জিত মুনাফা নিজেই ভোগ করে থাকেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। অথ্যাত্ এ ব্যবসায়ে মালিক সকল কিছু নিজেই দেখাশুনা করে থাকে। (অনুধাবনমূলক ১ নম্বর) উপরের উদ্দীপকে জনাব নাছিরুল আলম বুলবুল একজন একমালিকানা ব্যবসায়ী। কারণ তিনি তার ব্যবসায়ের সকল কিছু নিজেই দেখাশুনা করেন। ব্যবসায়ের সকল মূলধন তিনি নিজেই সংগ্রহ করেছেন। পরিচালনা, নিয়ন্ত্রণ ও ঝুঁকি তিনি একাই বহন করেন। সেই হিসেবে সমস্থ মুনাফা তিনি নিজেই ভোগ করেন। এবং তার অনুপস্থিতিতে উক্ত ব্যবসায়ে হাল ধরার জন্য তার ছেলেকে উপযুক্ত মনে করেন। যেহেতু সমস্থ কিছু তিনি নিজেই দেখাশুনা করেন এবং তার অনুপস্থিতিতে শুধুমাত্র তার মনোনিত ব্যক্তিকে ব্যবসায়ের পরিচালনার ভার প্রদানের ইচ্ছা প্রকাশ করেন, সেই হিসেবে এটি একটি একমালিকানা ব্যবসা। কারন অন্য কোন ব্যবসায়ের ক্ষেত্রে একক ভাবে এই সকল সিদ্ধান্ত নেওয়া যায় না। (প্রয়োগমূলক ১ নম্বর) উদ্দীপকের ঘ এর উত্তর : উপরের উদ্দীপকের আলোকে জনাব নাছির উদ্দিন পলাশের কর্মরত প্রতিষ্ঠানটি একটি প্রস্তুত শিল্প। (জ্ঞানমূলক ১ নম্বর) শ্রম ও যন্ত্রের যাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে প্রস্তুত বা উত্পাদন শিল্প বলে। মানুষের প্রয়োজন পূরনের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উত্পাদন করাই শিল্পের কাজ। আর শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল, মানুষের মেধা এবং কৌশল এর সমন্বয়ে মানুষের ব্যবহার উপযোগী যে পণ্য প্রস্তুত করা হয় তাকে প্রস্তুত শিল্প বলা হয়। (অনুধাবনমূলক ১ নম্বর) উপরের উদ্দীপকে জনাব নাছির উদ্দিন পলাশ একটি ঔষধ কোম্পানিতে ফার্মসিস্ট হিসাবে যোগদান করেছে। ঔষধ কোম্পানিতে মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করার জন্য বিভিন্ন পণ্য প্রস্তুত করা হয়। তবে সেই সব পণ্য উত্পাদনে শ্রমিকের শ্রম, যন্ত্রের সংমিশ্রণ, উত্পাদনে ব্যবহার্য কাঁচামাল, দক্ষ ব্যক্তিদের ব্যবহারিক জ্ঞান অপরিহার্য। উদ্দীপকে জনাব পলাশ একজন ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্ট তার পঠিত ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে শ্রম, যন্ত্রপাতি ও কাঁচামালের সংমিশ্রনের মাধ্যমে মানুয়ের ব্যবহার উপযোগী নতুন নতুন পন্য প্রস্তুত করে থাকেন। উপরের বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি যে, তার প্রতিষ্ঠানটি যেহেতু ঔষধ কোম্পানি তাই সেখানে শ্রম, যন্ত্রপাতি ও কাঁচামারের সমন্বয় ফার্মসিষ্ট নতন নতুন বিভিন্ন ধরনের পন্য প্রস্তুত করে থাকে তাই এটি একটি প্রস্তুত শিল্প। (প্রয়োগমূলক ১ নম্বর) উদ্দীপকে জনাব পলাশ তার তত্ত্বগত ও ব্যবহারিক জ্ঞানকে নতুন নতুন ব্যবহারিক কাজে প্রয়োগ করার আশায় তার পিতার প্রতিষ্ঠিত ব্যবসায়ে দেখাশুনা না করে সামজিক দায়বদ্ধতার দৃষ্টিতে অন্য একটি কোম্পানিত যোগদান করে । এর ফলে সে যেমন তার পঠিত জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন পন্য সৃষ্টি করতে পারবে পাশাপাশি সমাজের সাধারণ জনগোষ্ঠির কিছুটা হলেও উপকার করতে পাররে। এতে সমাজের কিছুটা হলেও মঙ্গল হবে। যা তার সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এবং এটা তার মানসিক তৃপ্তি। (উচ্চতর দক্ষতামূলক ১ নম্বর)