সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২০:২৭
দর কমতে কমতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর খুব কম থাকায় শেয়ার কেনার চাহিদা কিছুটা বেড়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব থাকায় লেনদেন খুব একটা বাড়ছে না। বিশ্লেষকরা বলছেন, শেয়ারের দাম খুব কম হলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় বাজারে বিনিয়োগের ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তাই বাজারের প্রয়োজনে সরকারকে কিছু কাজ করতে হবে যাতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়। এজন্য অর্থমন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে আসতে পারে। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। বাজারের মোট লেনদেনের প্রায় ১১ শতাংশই হয়েছে ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং আর্গন ডেনিমসের শেয়ার। এর আগেও প্রায় প্রতিদিনই লেনদেনের বড় অংশ জুড়ে থাকছে এ কোম্পানিগুলোর নাম। গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৪ পয়েন্ট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬৪ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার ৮৪৯ টাকা। লেনদেনকৃত ১৮০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দর।