বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উত্সব বিঝু, সাংগ্রাই, বৈষ্যু(বৈসাবি) ও চৈত্র সংক্রান্তিকে ঘিরে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে ও পাড়া-মহল্লায় এখন চলছে নানান উত্সব আয়োজন। আজ মঙ্গলবার জেলা শহরের স্বনির্ভর বাজার মাঠে বর্ণাঢ্য উদ্বোধন করা হবে ৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সাজানো হচ্ছে বর্ণাঢ্য সাজে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর প্রধান তিনটি সমপ্রদায় চাকমা, মারমা ও ত্রিপুরাদের বসবাস। এ তিন আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা তিনদিনব্যাপী ভিন্ন ভিন্ন নামে এই উত্সব পালন করে থাকে। চাকমারা একে বিঝু, মারমারা ‘সাংগ্রাই’ ও ত্রিপুরারা ‘বৈষ্যু’ নামে যুগ যুগ ধরে পালন করে আসছে এ উত্সব। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঘরে ঘরে প্রতিবছর বাংলা সনের চৈত্র মাসের শেষ ২ দিন এবং নববর্ষের প্রথম দিন অর্থাত্ পহেলা বৈশাখ এ উত্সব পালিত হয়।
